সর্বশেষ :
partners logo
12:20 pm BdST, Friday, Sep 3, 2010
প্রধানমন্ত্রী ফিরেছেন
Wed, Jan 13th, 2010 4:08 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ভারত সফর শেষে বুধবার বিকালে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ৫টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এসময় মন্ত্রিসভার সিনিয়র সদস্য, কূটনীতিক, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে তাকে স্বাগত জানান। পরে তিনি ভিআইপি লাউঞ্জে সফরের বিভিন্ন বিষয় সাংবাদিকদের ব্রিফ করেন।

সন্ধ্যা সোয়া ৬টায় বিমানবন্দর থেকে তার বুলেটপ্র"ফ গাড়ি চড়ে বের হয়ে আসেন প্রধানমন্ত্রী।

গাড়ি বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সংবর্ধনা দিতে আসা মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ফুলের পাপড়ি ছিটিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

বিপুল জনসমাগমে পুরো বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়। রাস্তার ওপর থেকে মানুষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও র‌্যাব সদস্যদের হিমশিম খেতে হয়।

দুপুর থেকেই পুরো বিমানবন্দর এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। পড়ন্ত বিকেলে শীতের মধ্যে রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অনেক এলাকার নেতা-কর্মীরা বিকালেই ভিআইপি টার্মিনালের রাস্তার পাশের ফুটপাথ দখল করে নেয়। এদিন বিদেশযাত্রীদের অনেকেই ভোগান্তিতে পড়েন।

এছাড়াও যমুনা থেকে বিমানবন্দর পর্যন্ত প্রতিটি ফুটওভারব্রিজ ছেয়ে গেছে প্রধানমন্ত্রীর অভিন্দন ব্যানারে।

দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ট্রাক-বাসে করে আসা নেতাকর্মীরা সঙ্গে নিয়ে আসে ব্যান্ড পার্টি আর মাইক।

প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া শেখ হাসিনা মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন।

বুধবার সকালে আইটিসি মৌর্য হোটেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। ভারত সফরে তিনি এ হোটেলেই ছিলেন।

এরপর ইন্ডিয়ান এয়ালাইন্সের একটি বিমানে তিনি জয়পুর যান। জয়পুর থেকে হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আজমির যান তিনি।

আজমির থেকে ফিরে জয়পুর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইট বেলা সোয়া ৩টার দিকে (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার পথে রওনা হয়।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রোববার ভারত যান শেখ হাসিনা। সফরে ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী এবং লোকসভায় বিরোধী দলীয় নেতা বিজেপির সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, গওহর রিজভী প্রমুখ।

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ প্রমুখ।

ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসইউএম/এএল/এমআই/জিএনএ/১৮৩০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank