সর্বশেষ :
partners logo
12:25 pm BdST, Thursday, Sep 9, 2010
'পিপিপি ব্যর্থতার দায় বেসরকারি উদ্যোক্তাদেরই'
Sun, Feb 28th, 2010 9:26 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিনিয়োগ উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য বেসরকারি শিল্প উদ্যোক্তাদের দোষ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ ব্যর্থতার জন্য মন্ত্রী আমলাদেরও দায় দেন।

রোববার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) একটি প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মুহিত বলেন, "গত কয়েক দশকে আমাদের বেসরকারি খাত বেশ বিকাশ লাভ করলেও সরকারের ওপর তাদের নির্ভরশীলতা কমেনি। তারা এতোটাই নিভরর্শীল যে, একটুখানি গায়ে ব্যাথা শুরু হলেই সঙ্গে সঙ্গে সরকারের কাছে এসে বলে মালিশ করে দেন।"

তিনি বলেন, "আমাদের দেশে বিত্তশালী লোকের অভাব নেই। সেই ধারণা থেকেই চলতি অর্থবছরের বাজেটে পিপিপি উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেনি। তারা অতিরিক্ত সরকারের মুখাপেক্ষী।"

বাজেটে পিপিপি খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। তবে আট মাস পেরিয়ে গেলেও এ খাতে কোনো বিনিয়োগই চূড়ান্ত হয়নি।

অর্থমন্ত্রী বলেন, "বিজিএমইএ নেতারা সরকারের কাছে শুধু ইনসেনটিভ (সহায়তা) চেয়ে থাকে। আয়কর ছাড়া তারা সরকারকে অন্য কোনো ট্যাক্সই দেয় না। এরপরও তারা একটার পর একটা ইনসেনটিভ চেয়েই যাচ্ছে।"

তবে আগামী বাজেটে রপ্তানি খাতের জন্য কোনো প্রণোদনা থাকবে কি না- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আবুল মুহিত বলেন, "মন্দা মোকাবিলায় নতুন বাজেটে প্রণোদনার প্রয়োজন হলে তাও দেওয়া হবে।"

অবশ্য দেশের মোট কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে মার্চ মাসে জাতীয় সংসদে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

চলতি বাজেট সম্পর্কে মন্ত্রী আরো বলেন, "আমরা জেলা বাজেট দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু এবার সেটা দিতে পরছি না। প্রথমিক পর্যায়ে আমরা ৪/৫টি জেলা বাজেট দিতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত একটিও দিতে পারবো না।"

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ইআরএফ সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু কাওসার বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২১২০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank