ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক, সাংবাদিক কে জি মুস্তাফা আর নেই।
শনিবার ভোররাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে প্রয়াতের স্বজনরা জানিয়েছেন।
তিনি কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
কে জি মুস্তাফাকে গত ৮ ফেব্র"য়ারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৬ ফেব্র"য়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
কে জি মুস্তাফার ছেলে বিবিসি বাংলা সার্ভিসের প্রধান সাবির মুস্তাফা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। রোববার তিনি ফেরা পর্যন্ত কে জি মুস্তাফার মরদেহ হাসপাতালেই থাকবে বলে স্বজনরা জানান।
কে জি মুস্তাফার জন্ম ১৯২৮ সালে সিরাজগঞ্জ জেলার কুড়িপাড়ায়। তার সাংবাদিকতা শুরু হয় দৈনিক ইত্তেহাদের মাধ্যমে। এরপর তিনি দৈনিক আজাদ, ইনসাফ, ইত্তেফাক, সংবাদ, অবজার্ভার পত্রিকায় কাজ করেন। বিলুপ্ত মুক্তকণ্ঠের সম্পাদক ছিলেন তিনি।
এক সময় কমিউনিস্ট আন্দোলনেও যুক্ত ছিলেন কে জি মুস্তাফা। বায়ান্নোর ভাষা আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি।
কে জি মুস্তাফা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ জন। তারা দুজন একইসঙ্গে কলকাতা ইসলামিয়া কলেজে পড়তেন।
স্বাধীনতার পর লেবানন ও ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন কে জি মুস্তাফা। কর্মের স্বীকৃতি হিসেবে একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি।
কে জি মুস্তাফার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় তিনি বলেন, কে জি মুস্তাফা সারা জীবন বাঙালি জাতির সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
"বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি ইয়াকের রাষ্ট্রদূত ছিলেন, ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি দীর্ঘদিন স্বেচ্ছানির্বাসনে ছিলেন", বলেন হাসিনা।
কে জি মুস্তাফার মৃত্যুতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদও শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০০০ ঘ.