রেকর্ড রিজার্ভ ভাবমূর্তি উজ্জ্বল করবে: গভর্নর |
|
|
Wed, Nov 11th, 2009 9:17 pm BdST |
Dial 2000 from your GP mobile for latest news |
|
|
|
ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন গভর্নর আতিউর রহমান। এর ফলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রিজার্ভ নতুন রেকর্ড গড়ে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পর বিকালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আতিউর রহমান। সাংবাদিকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, "আজ একটি আনন্দের খবর দেওয়ার জন্য আপনাদের ডেকেছি। এটা আমাদের জাতীয় জীবনে একটা ঐতিহাসিক ঘটনা। দীর্ঘদিন ধরে আমরা যে স্বপ্ন দেখছিলাম, সে স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আজ (বুধবার) সকালে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। "আমি ভেবেছিলাম ডিসেম্বরে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করবে। কিন্তু নভেম্বরের প্রথম দিকেই তা হয়েছে।" এ জন্য তিনি লাখ লাখ প্রবাসী বাংলাদেশি যারা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে এই রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানান। গর্ভনর বলেন, "১০ বিলিয়ন ডলারের এই রিজার্ভ শুধু বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থাই বাড়াবে না, তা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জল করবে।" এছাড়া এই বিপুল অংকের রিজার্ভ বাংলাদেশের (সরকারের) অবস্থান দৃঢ় করবে জানিয়ে তিনি বলেন, "এর ফলে বাংলাদেশ আগের চেয়ে অনেক সহজ শর্তে এ সব দেশ ও সংস্থার কাছ থেকে ঋণ-সহায়তা পাবে বলে আমি আশা করি।" এছাড়া আকস্মিক দুর্যোগ মোকাবেলায় খাদ্য আমদানিসহ অন্যান্য পণ্য আমদানি ব্যয় মেটাতে এটা বিশেষ অবদান রাখবে বলে জানান আতিউর রহমান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের অর্থনীতি, মানবাধিকার, মৌলিক চাহিদা ইত্যাদি বিষয়কে অন্তর্ভূক্ত করে যে রেটিং করে থাকে, তাতে বাংলাদেশের অবস্থান শ্রেয়তর (ভালো) বলে বলেও জানান তিনি। দেশে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনে এই রিজার্ভ অবকাঠামো উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকে ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলি খান বক্তব্য রাখেন। রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করার ঘটনাকে স্মরণীয় করে রাখতে আগামী ১৬ নভেম্বর রাজধানীর শেরাটন হোটেলে আয়োজন করা হচ্ছে। প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর, সব ব্যাংকের প্রধান নির্বাহীরা এতে উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১১৩ঘ. |
| WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. |
|
|
|
|