সর্বশেষ :
partners logo
8:31 am BdST, Monday, Sep 6, 2010
বিটিসিএল'র ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক আকর্ষণে ব্যর্থ
Mon, Nov 9th, 2009 9:56 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালুর সাত মাস পেরিয়ে গেলেও বিটিসিএল'র গ্রাহক সংখ্যা এক হাজারও ছুঁতে পারেনি।

রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এই নতুন সেবার গ্রাহকের সংখ্যা বাড়াতে সাশ্রয়ী মূল্যে তিনটি নতুন প্যাকেজ চালু এবং অন্যান্য প্যাকেজের চার্জ কমানো হয়েছে।

দেশের বড় শহরগুলোতে ৩৩ হাজার দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়ার ক্ষমতা থাকলেও বর্তমানে গ্রাহক সংখ্যা এক হাজারেরও কম বলে জানিয়েছেন বিটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম খবিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ল্যান্ড ফোনের পাশাপাশি গ্রাহকদের অন্যান্য 'ভ্যালু অ্যাডেড সার্ভিস' দেয়ার উদ্দেশ্যে বিটিসিএল সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের তিনটি নতুন প্যাকেজ চালু করেছে।

রোববার বিটিআরসি'র বোর্ডসভায় নতুন প্যাকেজ ও হ্রাসকৃত কল চার্জ অনুমোদন করা হয় বলে বিটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক জানান।

তিনি আরও জানান, অন্যদের তুলনায় গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে গুণগত মানের দ্রুতগতির সার্ভিস দিতে বিটিসিএল'র নতুন প্যাকেজের আওতায় রয়েছে ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস গতিতে দুই গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউন লোডের সুযোগ।

গত এপ্রিল মাসে বিটিসিএল ল্যান্ড ফোনের ডায়াল আপ সংযোগের পাশাপাশি দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করে। এডিএসএল প্লাস টু প্রযুক্তির মাধ্যমে পাঁচটি প্যাকেজে এই ইন্টারনেট সেবা দেওয়া শুরু হয়।

বিটিসিএল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুরা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য বড় শহরে এই ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দিচ্ছে।

কিন্তু বিপণনে কার্যকর পদক্ষেপ না নেয়ায় এবং প্রচারের অভাবে এ সার্ভিস গ্রাহকদের মাঝে তেমন জনপ্রিয়তা পায়নি বলে জানান বিটিসিএল'র নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা বলেন, অন্যান্য ইন্টারনেট সেবা দানকারী কোম্পানির তুলনায় উন্নতমানের দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চালু করা হলেও এ সেবার বিষয়টি গ্রাহকদের অগোচরেই রয়ে গেছে। সঠিকভাবে প্রচার পেলে গ্রাহকদের চাহিদা মেটাতে বিটিসিএলকে হিমশিম খেতে হবে। বর্তমানে যে ধারণক্ষমতা রয়েছে তা অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যাবে।

প্রকৌশলী খবিরুজ্জামান বলেন, গুণগত মানের বিচারে এই সেবা অন্যগুলোর চেয়ে সাশ্রয়ী বলে গ্রাহক আকর্ষণ করতে মাস খানেক আগে নতুন উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে এবার নতুন প্যাকেজ চালু ও চার্জ কমানো হয়েছে।

তিনি বলেন, মোবাইল ফোন অপারেটর কিংবা অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার চেয়ে গ্রাহকদের সেবা দিতেই বিটিসিএল এ সার্ভিস চালু করে।

নতুন প্রিপ্রেইড প্যাকেজের আওতায় গ্রাহকরা ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস গতিতে ২ গিগাবাইট, ১২০০ টাকায় ২৫৬ কেবিপিএস গতিতে ৮ গিগাবাইট এবং ২৪০০ টাকায় ১ মেগাবাইট গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউন লোড করতে পারবেন। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।

দিনের বেলা এবং রাতের বেলা ব্যবহারের জন্য পৃথক দুটি নতুন প্যাকেজও চালু করেছে বিটিসিএল।

দিনের বেলা- সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত - ৩ মাসের জন্য ২,১০০ টাকা (১২৮ কেবিপিএস), ৩,৬০০ টাকা (২৫৬ কেবিপিএস) এবং ৬,০০০ টাকা (৫১২ কেবিপিএস)।

রাতের বেলা- রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৩ মাসের জন্য ৩,০০০ টাকা (৫১২ কেবিপিএস), ৪,৫০০ টাকা (১০০০ কেবিপিএস) এবং ৭,২০০ টাকা (২০০০ কেবিপিএস)।

এ দুটি প্যাকেজের জন্য ৩০০ টাকা নিবন্ধণ ফি এবং ৫০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ দিতে হবে।

অপরদিকে, আনলিমিটেড পোস্টপেইড সংযোগের চার্জ কমানো হয়েছে। পুনঃনির্ধারিত চার্জ অনুযায়ী- ১২৮ কেবিপিএস'র জন্য প্রতিমাসে এক হাজার টাকার পরিবর্তে আটশ' টাকা, ২৫৬ কেবিপিএস'র জন্য ১৫'শ টাকার পরিবর্তে ১২'শ টাকা, ৫১২ কেবিপিএস'র জন্য ২১'শ টাকার পরিবর্তে দু'হাজার টাকা। সেইসঙ্গে পাঁচশত টাকা নিবন্ধণ ফি এবং ছয়শত টাকা সেটআপ কনফিগারেশন চার্জ প্রযোজ্য।

তবে এ প্যাকেজের আওতায় কোনো গ্রাহক একসঙ্গে তিন মাসের চার্জ অগ্রীম পরিশোধ করলে তাকে আরও এক মাস ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২১৪২ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank