সর্বশেষ :
partners logo
12:21 pm BdST, Friday, Sep 3, 2010
আ. লীগ ব্যর্থ হলে ভিন্ন শক্তি ক্ষমতা দখল করতে পারে: অলি
Wed, Nov 4th, 2009 10:15 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্ষমতাসীন আওয়ামী লীগ আস্থা সংকটে ভুগছে বলে মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি'র (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

তিনি বলেন, "সরকার গঠন করলেও টিকে থাকবে কি না এ আস্থা তাদের (আওয়ামী লীগ) নিজেদের নেই। কিন্তু তারা ব্যর্থ হলে আবার ভিন্ন শক্তি এসে ক্ষমতা দখল করতে পারে।"

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন অলি আহমেদ।

দলের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে মহানগর (উত্তর ও দক্ষিণ জেলা) এলডিপি এ কর্মী সমাবেশের আয়োজন করে।

এলডিপি সভাপতি বলেন, "আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিদেশী বিনিয়োগ কমেছে। কিন্তু বর্তমান সরকার এসব বিষয়ে পদক্ষেপ না নিলে তৃতীয় কোনো শক্তি এর সুযোগ নিতে পারে।"

অলি আহমেদ বলেন, ওয়ান-ইলেভেনে চিহ্নিত দুর্নীতিবাজরা এখন আবার সক্রিয়। কিন্তু জনগণ এসব দুর্নীতিবাজদের চেনে। একদিন না একদিন তারা তাদের ফল ভোগ করবেই।

এশিয়ান হাইওয়ে চট্টগ্রামের উপর দিয়ে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "চট্টগ্রামের উপর দিয়ে নেওয়া না হলে এশিয়ান হাইওয়ে হতে দেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।"

মহনগর এলডিপি সভাপতি ওয়াহিদ আজগর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মোড়ল, কেন্দ্রীয় সহ-সভাপতি এম ছলিমউল্লাহ, চট্টগ্রাম মহানগর উত্তর জেলা সভাপতি নুরুল আলম এবং দক্ষিণ জেলা সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/এইচএ/ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank