সর্বশেষ :
partners logo
10:36 pm BdST, Tuesday, Feb 9, 2010
কলমানি রেট স্বাভাবিক
Wed, Nov 25th, 2009 10:43 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ঈদে গ্রাহকদের নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংকগুলো হিমশিম খেলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে কলমানি রেট স্বাভাবিকই রয়েছে।

সর্বশেষ বুধবার ব্যাংকগুলোতে টাকা ওঠানোর ব্যাপক চাপ থাকলেও কলমানি রেট ৩ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।

বেসরকারি ব্যাংক নাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যের কারণেই এবার কলমানি রেট স্বাভাবিক রয়েছে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। সে হিসাবে ব্যাংকগুলোতে ঈদের আগে বৃহস্পতিবারই হবে শেষ লেনদেন।

এ কারণে বুধবার প্রতিটি ব্যাংকেই টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে ব্যাংকগুলোর এটিএম বুথে ভিড় ছিল খুব বেশি। নতুন টাকার জন্যও কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ লাইন ছিল সাধারণ মানুষের।

বিগত কয়েক বছরের কলমানি রেট পর্যালোচনা করে দেখা যায়, ঈদকে সামনে রেখে কলমানি রেট ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ওঠা-নামা রেওয়াজে পরিণত হলেও গত ঈদুল ফিতরের আগে তা ৫ দশমিক ৫০ শতাংশ থেকে ৮ শতাংশে ওঠানামা করে। ব্যতিক্রম হয়নি ঈদুল আজহাতেও। সপ্তাহজুড়ে ব্যাংক থেকে টাকা তোলার ভিড় লক্ষ্য করা গেলেও কলমানি মার্কেট ছিল স্বাভাবিক।

চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই কলমানি রেট ৩ থেকে সাড়ে ৮ শতাংশে ওঠানামা করেছে। তবে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কলমানি থেকে ধারের প্রবণতা বেশি থাকায় তারা কিছুটা উচ্চ সুদে টাকা নিচ্ছে।

এদিকে ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) পরিমাণ বেড়েছে।

চলতি নভেম্বর মাসের তিন সপ্তাহে রেমিটেন্স এসেছে ৭০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। মাস শেষে রেমিটেন্স ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২৪১ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank