সর্বশেষ :
partners logo
10:06 pm BdST, Tuesday, Feb 9, 2010
'কিছুই করার নেই'
Fri, Nov 27th, 2009 4:28 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে দীর্ঘ যানজট সামাল দিতে হিমশিম খাওয়া পুলিশ বিভাগের এক কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেছেন, চেষ্টা করছি, তবে কিছুই করার নেই।

ঈদের ছুটি শুরু হওয়ার একদিন আগে শুক্রবার সকাল থেকে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলমুখী মহাসড়ক দুটিতে যানজট লেগে আছে। দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে ১০ ঘণ্টারও বেশি সময় লাগছে।

যানজট নিরসনের পুলিশ কী করছে- জানতে চাওয়া হলে হাইওয়ে পুলিশ সুপার আনোয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮ ঘণ্টার যাত্রা ১৬ ঘণ্টায় হচ্ছে, তাতে কী? তবুও তো মানুষ যেতে পারছে। গাড়ি ধীরে চললেও থেমে তো নেই।"

যাত্রীদের অভিযোগ যানজট সামাল দিতে পুলিশ সক্রিয় নয়।

নীলফামারীগামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মহসীনুল করিম শুক্রবার দুপুরে সাভারের বাইপাইল থেকে জানান, তার গাড়ি প্রায় দুই ঘণ্টা সেখানে আটকে থাকলেও তিনি কোনো পুলিশ দেখেননি।

তবে যাত্রীদের অভিযোগ নাকচ করে আনোয়ার বলেন, "যানজট নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তারাও রাস্তায়। পুলিশ চেষ্টা করছে, কিন্তু করার কিছু নেই।"

যানজটের মধ্যে সাভারের ফ্যান্টাসি কিংডমের সামনে দুই অস্ত্রধারী পুলিশ সদস্যকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল, বলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জামিউল আহসান শিপু।

যানজটের কারণ কী- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, "হঠাৎ করেই সড়কে গাড়ির সংখ্যা ৫/৬ গুণ বেড়ে গেছে। কিন্তু রাস্তা যে রকম ছিলো, সে রকমই আছে; তাই এই যানজট।"

ঈদে গাড়ির সংখ্যা অপ্রতুল গাড়ি থাকায় অনেক আনফিট (আইনত চলাচলের অযোগ্য) গাড়ি পথে নেমেছে। আর এসব গাড়ি সড়কে বিকল হয়ে যানজট বাড়াচ্ছে বলে জানান আনোয়ার।

একইসঙ্গে যানজটের সঙ্গে মহাসড়কে কয়েকটি সেতুর সংস্কার কাজকেও দায়ী করেছেন তিনি।

আনোয়ার বলেন, "টাঙ্গাইলে তিনটি বেইলি ব্রিজ আছে। সেখানে এক লাইনে গাড়ি পারাপার হয়। এভাবে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়।"

এছাড়া মহাসড়কের কয়েকটি তিন ও চার রাস্তার মোড়ও যানজটের কারণ বলে মনে করেন তিনি।

আনোয়ার কামাল বলেন, "কাঁচপুর ব্রিজের কাছে যে মোড় আছে, সেখানে একপাশে গাড়ি থামিয়ে আরেক দিকের গাড়িকে যাওয়ার সুযোগ করে দিলেই মাইলের পর মাইল জ্যাম লেগে যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬২০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank