সর্বশেষ :
partners logo
10:06 pm BdST, Tuesday, Feb 9, 2010
বিপদে আছে ওয়েস্ট ইন্ডিজ
Fri, Nov 27th, 2009 5:47 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ব্রিসবেন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮ উইকেটে ৪৮০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ১৩৪, পাঁচ উইকেটে। ফলে পিছিয়ে আছে ৩৪৬ রানে।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্কাস নর্থ ৪২ ও ব্র্যাড হ্যাডিন ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। নিজের রানের সঙ্গে আরো ২৯ রান যোগ করে রবি রামপলের বলে উইকেটের পেছনে দিনেশ রামদিনের হাতে ধরা পড়ে বিদায় নেন ব্র্যাড হ্যাডিন। তবে মাথা নিচু করে ধীরে সুস্থে খেলে যেতে থাকেন নর্থ। শেষ পর্যন্ত ৭৯ রানে গিয়ে থামে তার ইনিংস। প্রথম দিন অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ, রিকি পন্টিং ও মাইক হাসি হাফ সেঞ্চুরি করেছিলেন।

চা-বিরতির প্রায় আধ ঘন্টা আগে অধিনায়ক রিকি পন্টিং যখন ইনিংসের ঘোষণা দেন তখন ৫০ রান নিয়ে উইকেটে ছিলেন নাথান হরিটজ। আর ২০ রানে অপরাজিত ছিলেন পিটার সিডল।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ডোয়াইন ব্রাভো ৩ উইকেট নেন ১১৮ রানে। এছাড়া ৮৬ রান দিয়ে দুই উইকেট নেন সুলেইমান বেন।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু মোটেও খারাপ হয়নি। রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ক্রিস গেইল। বেন হিলফেনহসের বলে তিনটি চার মারলে পন্টিংয়ের কপালে ভাঁজ পড়ে। থার্ড স্লিপকে নিয়ে যান সীমানার কাছাকাছি। অবশ্য খুব একটা সময় দুশ্চিন্তায় থাকতে হয়নি পন্টিংকে। ৩১ রান করে ওই হিলফেনহসের বলেই এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন ক্রিস গেইল। তখন দলের রান ছিল ৪৯। দ্বিতীয় উইকেটও (অ্যাড্রিয়ান বারাত ১৫) পড়ে ৪৯ রানে। এরপর একে একে শিব নারায়ন চন্দরপল (২) ৫৮ রানে, ব্রাভো (০) ৬৩ রানে ও ব্রেন্ডন ন্যাশ (১৮) ৯৬ রানে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এখন ওয়েস্ট ইন্ডিজের সব আশা-ভরসা ট্রাভিস ডাউলিনকে ঘিরে। তিনি উইকেটে আছেন ৪০ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন দিনেশ রামদিন। ২২ রানে অপরাজিত আছেন তিনি।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার মিচেল জনসন দুই উইকেট নিয়েছেন ৪৫ রানে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হিলফেনহস, সিডল ও শেন ওয়াটসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩৯ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank