সর্বশেষ :
partners logo
12:33 am BdST, Wednesday, Feb 10, 2010
দলে থাকলে ভোটাভুটি চাইতাম: তানবীর
Fri, Nov 27th, 2009 7:34 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসচিবসহ দলের সর্বোচ্চ ফোরামে নেতৃত্ব নির্বাচন ভোটের মাধ্যমে হওয়া উচিত- এ মন্তব্য করে চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী বলেছেন, তিনি এখন দলে থাকলে তাই চাইতেন।

বিএনপির বহিষ্কৃত এই নেতা দলের জাতীয় কাউন্সিলের ১০ দিন আগে শুক্রবার তার গুলশানের বাড়িতে কয়েকজন সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির এক সময়ের সদস্য তানবীর বলেন, "দলের ভেতরে অধিকতর গণতন্ত্র চর্চার ক্ষেত্র তৈরি করতে স্থায়ী কমিটির ৪০ শতাংশ কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করলে ভালো হতো। আমি দলে থাকলে এরকম প্রস্তাবই দিতাম।"

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ১৫ সদস্যের স্থায়ী কমিটির মনোনয়ন দেন চেয়ারপারসন। চেয়ারপারসনের ক্ষমতার বিকেন্দ্রীকরণে কমিটি নির্বাচনের এ পদ্ধতির পক্ষে কথা বলেন তানবীর। তার মতে, এতে দল আরো শক্তিশালী হবে।

মহাসচিব পদে তিনজনকে নির্বাচিত করে ক্রমানুসারে একবছর মেয়াদে দায়িত্ব দেওয়ার বিধান চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, "এতে নতুন নেতৃত্ব তৈরি হবে। গ্র"পিংও থাকবে না।"

তানবীরের ছেলে চৌধুরী ইরাদ আহমেদ চলতি বছরের মার্চ মাসে খালেদা জিয়া সম্পর্কে বিরূপ মন্তব্য করলে বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়। এর পর তানবীরকে স্থায়ী কমিটির সদস্যপদসহ প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

১৯৯৩ সালের চতুর্থ জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চৌধুরী তানবীর মনে করেন, দলে থাকলে এবারও সম্মেলন প্রস্তুতি কমিটি চেয়ারম্যান তিনিই হতেন।

'ষড়যন্ত্র' নয়, 'পরিস্থিতির শিকার' হয়ে এখন আমি দলে নেই- এ কথা জানিয়ে তানবীর বলেন, বিএনপিকে নিয়ে এখনো তিনি ভাবেন।

'৯৩ এর সম্মেলন ছিলো 'ঐতিহাসিক ও জাঁকজমকপূর্ণ'- এ দাবি করে তিনি বলেন, "সে রকম সম্মেলন বিএনপিতে আর হবে কিনা, জানি না।"

ওই সম্মেলনে ৪০টি দেশের রাজনৈতিক দলের শুভেচ্ছা বাণী ছাড়াও ১৭টি দেশের ক্ষমতাসীন ও বিরোধী দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয় বলে জানান তিনি।

দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে পুরনো নেতাদের দায়িত্ব দেওয়া উচিত বলে তানবীর মনে করেন।

বর্তমান নেতাদের সমালোচনা করে তিনি বলেন, "শহীদ জিয়ার আর্দশ থেকে এখনকার নেতারা দূরে আছেন। প্রেসিডেন্ট জিয়া আমাদের কর্মপদ্ধতি শিখিয়ে গেছেন। কিন্তু আজকের নেতারা জিয়ার আদর্শের জন্য লড়াই করছেন না। সবাই আছেন পদ-পদবি ও হালুয়া-রুটির লড়াইয়ে।"

আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল ভালো হবে বলে আশা করছেন তানবীর। তবে গত বছরের ২৯ ডিসেম্বরের নির্বাচনের তিন মাসের মধ্যে কাউন্সিল করলে ভালো হতো বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এমআই/১৯২৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank