সর্বশেষ :
partners logo
1:18 am BdST, Wednesday, Feb 10, 2010
প্রধানমন্ত্রী পোর্ট অব স্পেনে
Fri, Nov 27th, 2009 7:40 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে বাংলাদেশ সময় শুক্রবার ভোররাতে ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে (ত্রিনিদাদ সময়) ন্যাশনাল একাডেমি ফর পারফর্মিং আর্টস (এনএপিএ)-এ ওই সম্মেলন উদ্বোধন করার কথা। এতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ৫২ জন বিশনেতা যোগ দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী পোর্ট অব স্পেন বিমানবন্দরে পৌঁছার পর ভিভিআইপি লাউঞ্জে সাইপ্রাসের প্রেসিডেন্ট দোমিত্রিস ক্রিস্টোফাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোককে রাসমুসেন, শ্রীলংকার প্রধানমন্ত্রী রতশ্রী বিক্রমানায়েকে ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লং এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তারা বিশের গণতন্ত্র জোরদার বৈশ্বিক অর্থনেতিক মন্দা, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ দ্বিপক্ষীয় ও পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার জন্য তার প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। যদিও বিশের উষ্ণায়নে এসব দেশের ভূমিকা খুবই কম।

তিনি আরো বলেন, সর্বাধিক মাত্রার কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মুখ্য ভূমিকা পালনে সামনে এগিয়ে আসতে হবে।

এর আগে কমনওয়েলথ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান।

পরে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হোটেল হায়াত রিজেনি ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়া হয়।

এ সম্মেলন উপলক্ষে মনোরম ক্যারিবীয় দ্বীপনগরীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ঊচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ দিচ্ছে।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইদুর রহমান খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৯৩৪ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank