সর্বশেষ :
partners logo
12:24 am BdST, Wednesday, Feb 10, 2010
'ষড়যন্ত্র' বলছেন সালাম মুর্শেদী
Fri, Nov 27th, 2009 11:10 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
সাভার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষড়যন্ত্র করে সাভারে তার তৈরি পোশাক কারখানায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের পর শুক্রবার সাভারে নিজের কারখানা তিনটি দেখতে এসে সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, তার কারখানায় বেতন বোনাস নিয়ে কোনো ক্ষোভের ঘটনা ঘটেনি। শ্রমিকদের দাবি আট দিনের স্থলে ছয়দিন ছুটি দেওয়াতে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা।

"আর সেই সুযোগেই ষড়যন্ত্রকারী চক্রটি কারখানায় হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।"-বলেন তিনি।

হামলাকারীরা ভল্ট ভেঙে বেতনের জন্যে রাখা নগদ ৫০ লাখ টাকাসহ তৈরি পোশাক লুটপাট এবং সিসি টিভিসহ শ্রমিকদের সকল রেকর্ড পুড়িয়ে দেয় বলেও মুর্শেদী অভিযোগ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিজিএমইএ'র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, পরিচালক বাদল রায়, রিয়াজ বিন মাহমুদ, শহিদুল্লাহ আজিম প্রমুখ।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক আইয়ুব মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় এনভয় গ্র"পের এক নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে এনভয় গ্র"পে শ্রমিকরা হামলা, ভাঙচুর ও লুটপাট করায় তাদের তিন কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার বিকালে সাভারের জামগড়া এলাকায় আব্দুস সালাম মুর্শেদীর মালিকানার এনভয় গ্র"পের তিনটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ভাঙচুর চালায়। এ সময় প্রায় পাঁচঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা চলতি মাসের বেতন-ভাতা না পেয়ে হামলা ভাঙচুর চালিয়েছে দাবি করলেও কর্তৃপক্ষ বলেছে ছুটি নিয়ে মতান্তরের কারণে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জিএনএ/২২৫০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank