সর্বশেষ :
partners logo
1:00 am BdST, Wednesday, Feb 10, 2010
সৌরভ গাঙ্গুলীর কলাম
'এই মুহূর্তে গম্ভীরই ভারতের সেরা ব্যাটসম্যান'
Sun, Nov 29th, 2009 9:12 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - কানপুরে ভারত দ্বিতীয় টেস্ট জিতেছে বিশাল ব্যবধানে। আহমেদাবাদে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে তাতে সহজ এই জয় পেয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার দলের সদস্যরা বিস্মিত হতেই পারে। আহমেদাবাদ টেস্টে শ্রীলঙ্কার আধিপত্য ছিল সুস্পষ্ট। অথচ আক্ষরিক অর্থেই কানপুরে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে ওঠেনি। জয়ের তীব্র আকাঙ্খার অভাব স্পষ্ট হয়ে উঠেছিল শ্রীলঙ্কার খেলায়। এ কারণে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা যে হতাশ হবেন, সে ব্যাপারে আমি নিশ্চিত।

ভারতে টস জিতলে সব সময়ই একটা সুবিধা পাওয়া যায়। দু'টো টেস্টে টস জিতেছেন ধোনি। ভারতীয়রা ব্যাটও করেছে মেধা খাটিয়ে , যে কোনো টেস্টের প্রথম দিনের জন্য যা অতি গুরুত্বপূর্ণ।

প্রায় ১৫ মাস পর সেঞ্চুরি পেয়ে বীরেন্দর শেবাগ অবশ্যই একজন সুখী মানুষ। তার সফলতার হারও চমৎকার। তার টেস্টের এই পারফর্ম্যান্স কেন একদিনের ম্যাচে ফুটে ওঠে না, সে ব্যাপারে আমি খুবই বিস্মিত। ও যখনই ব্যাট করতে নামে, তখনই দ্রুত গতিতে রান তুলে দলকে নিয়ে যায় জেতার মতো অবস্থানে। কানপুরে ভারতের চার শ' রান তোলার মূল কারণ এটাই। স্পিনারদের বিপক্ষে পিলে চমকানো কয়েকটি শট খেলেছে এবং এ ব্যাপারে ও বরাবরই রীতিমতো সিদ্ধহস্ত। এখন তাকে শিখতে হবে একদিনের ক্রিকেটেও কীভাবে এই কাজটি করে যেতে হয়। কেননা, ক্রিকেটের এই ফরম্যাটে কিন্তু শেবাগ তার নামের প্রতি পুরোপুরি সুবিচার করতে পারছে না।

গৌতম আবারও খুব ভালো ব্যাট করেছে। এর কারণ হিসেবে ও নিজেই বলেছে, দলে তার স্থান পাকা হয়ে গেছে বলে সে মনে করছে। এজন্যই ভালো খেলছে। এ কথা খুবই সত্যি। এছাড়া অধিনায়কের আস্থা খেলোয়াড়ের ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। ধোনি তা-ই গম্ভীরকে দিয়েছে। এ জন্য প্রতিদিনই ভালো থেকে আরো ভালো হচ্ছে গম্ভীর। এবং এই মুহূর্তে সে-ই ভারতের সবচেয়ে ভালো ব্যাটসম্যান।

তার মানসিক অবস্থারও প্রশংসা করছি আমি। বোনের বিয়েতে যোগ দেবে বলে শেষ টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা শুনে নিঃসন্দেহে অনেকে চেয়ার থেকে লাফিয়ে উঠবেন। কিন্তু আমি মনে করি, সঠিক সিদ্ধান্তই নিয়েছে সে। সব সময়ই পরিবার সবার আগে। আর বোনের বিয়ে তো ভাইয়ের জীবনে বিশেষ কিছু।

মুম্বাই টেস্টের আগে শ্রীলঙ্কার উদ্বিগ্ন হওয়ার মতো অনেক কিছুই আছে। ভারতের বিপক্ষে তিন স্পিনার খেলানোটা বিলাসিতা। এ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, দু'জন যদি ফল দিতে না পারে, তাহলে তৃতীয়জনও পারবে না। এছাড়া তৃতীয় স্পিনার সব সময়ই কম বল করে থাকে। ভারতের মাটিতে দু'জন স্পিনার ও দু'জন ফাস্ট বোলারকে মাঠে নামানোই শ্রীলঙ্কার জন্য সবচেয়ে ভালো হবে।

ফাস্ট বোলিং নিয়েও শ্রীলঙ্কার চিন্তা-ভাবনা করার প্রয়োজন রয়েছে। নতুন বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দিয়ে বল করালে ভারতের মাটিতে টেস্ট জেতা একেবারে অসম্ভব। তৃতীয় টেস্টে ম্যাথিউসের জায়গায় দিলহারা ফার্নান্দোকে নেয়ার কথা ভাবা যেতে পারে। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার পিচে ফাস্ট বোলাররাই সুবিধা পাবে। আর ফার্নান্দোর বলে বাড়তি গতি ও বাউন্সর থাকায় ও-ই হবে ভালো বিকল্প।

মুম্বাইয়ে মুরালিধরণ আবার তার সেরা ফর্মে ফিরে আসছে, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেননা, ভারতে সম্ভবত এটিই তার শেষ সিরিজ। তাই এই টেস্টকে স্মরণীয় করে রাখতে খুব ভালো পারফর্ম করার জন্য তাকে বাড়তি প্রেরণা যোগাতে হবে। এজন্য অন্য প্রান্ত থেকে তার যথার্থ সহায়তা পাওয়ার প্রয়োজন রয়েছে। দলে অজন্তা মেন্ডিস আছে। সে-ই দিতে পারে এই সমর্থন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মেন্ডিস একজন 'ক্লাস বোলার' আর ক্লাস সব সময়ই স্থায়ী।

শ্রীশান্তের পারফর্ম্যান্সে আমি খুবই খুশি। তার প্রতিভার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। সিম ব্যবহার করে দু'দিকেই বল সুইং করাতে পারে, এমন বিরল ফাস্ট বোলারদের একজন সে। এখান থেকে শ্রীশান্ত আর পেছন ফিরে তাকাবে না বলেই আমি আশা করছি। জীবনের বাকি দিনগুলোয় সব কিছুই করতে পারে, কিন্তু সে তার ক্রিকেট জীবনের সোনালী সময় আর ফিরে পাবে না। আমি মনে করি, দেশে ও বিদেশে ভালো করার ক্ষমতা রাখে ভারতীয় ফাস্ট বোলার জহির খান ও ইশান্ত শর্মা। এখন এসেছে শ্রীশান্তের পালা -- এই সুযোগকে কাজে লাগিয়ে দলে নিজের আসন পাকা করার।

(ক্রিকইনফো থেকে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১০০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank