সর্বশেষ :
partners logo
1:11 am BdST, Wednesday, Feb 10, 2010
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত নেদারল্যান্ডস
Sun, Nov 29th, 2009 10:35 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
মেলবোর্ন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ বছরের ইতিহাসে নেদারল্যান্ডসের বিপক্ষে সবচেয়ে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রোববার স্ট্রাইকার গ্রান্ট স্কুবার্টের হ্যাট্রিকের সুবাদে ওলন্দাজদের ৭-২ গোলে হারায় তারা। বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানিকে ৩-৫ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। দিনের অন্য খেলায় ইংল্যান্ড ৩-৩ গোলে ড্র করেছে স্পেনের সঙ্গে।

খেলার ৩ মিনিটে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট তায়েকে তায়েকেমা গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন। কিন্তু দু মিনিট পরই পেনাল্টি স্ট্রোকে খেলায় সমতা ফেরান স্কুবার্ট। এরপর অস্ট্রেলিয়ার পক্ষে পরপর দুটো গোল করেন গ্লেন টার্নার ও ব্রেন্ট ড্যান্সার। প্রথমার্ধের শেষদিকে স্কুবার্ট এক মিনিটের ব্যাবধানে আরো দুই গোল করলে ৫-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে লিউক ডোয়ের্নার পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরো বাড়িয়ে দেন। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে অধিনায়ক জেমি ডোইয়ার দলের পক্ষে শেষ গোলটি করেন। তবে খেলা শেষের বাঁশি বাজার ২ মিনিট আগে আরেকটি গোল শোধ করেন রবার্ট কেম্পারম্যান।

টুর্নামেন্টে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়। শনিবারও দক্ষিণ কোরিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

দিনের আরেক ম্যাচে দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ইংল্যান্ডকে এগিয়ে নেন জেমস টিন্ড্যাল। ৬ মিনিট পর স্পেনকে খেলায় ফেরান হাভিয়ের রিবাস। এরপর পেনাল্টি স্ট্রোকে দলকে এগিয়েও নেন তিনি। তারপর আবার সেই টিন্ড্যালের গোল এবং খেলায় সমতা। পরে তৃতীয় গোলের জন্য ব্যারি মিডলটনকে সুযোগ তৈরি করে দেন তিনি। ৬৬ মিনিটে অ্যাদুয়ার্দ তুবাউয় সেই গোলও ফিরিয়ে দিলে ড্র হয়ে যায় ম্যাচ।
টুর্নামেন্টে এই প্রথম পয়েন্ট পেলো ইংল্যান্ড। শনিবার তারা জার্মানির কাছে হেরেছিল ৩-২ গোলে। সেদিন স্পেন ২-৩ গোলে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২২৮ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank