সর্বশেষ :
partners logo
10:07 pm BdST, Tuesday, Feb 9, 2010
সাতক্ষীরায় বিডিআর সদস্যদের হামলায় আহত ৬
Sun, Nov 29th, 2009 10:53 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
সাতক্ষীরা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কাঁকডাঙ্গা সীমান্তের কুঠিবাড়ি গ্রামে রোববার বিকালে বিডিআর সদস্যদের হামলায় নারী-শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

চোরাই পণ্য আটকের জন্য বিডিআরের কাঁকডাঙ্গা ক্যাম্পের তিন জওয়ান গ্রামের দুটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে বাধা মুখে পড়ে লোকজনকে পেটায় বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয়রা।

হামলায় আহতদের মধ্যে আছেন- গ্রামের হাফিজ উদ্দিন, তার স্ত্রী ফিরোজা খাতুন, ছেলে আল আমিন, দাদী আজিবন নেছা, ইনসান ও তার স্ত্রী ফাতেমা।

এদের মধ্যে আজিবন ও ফিরোজাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়া থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিআর ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। সেখানকার পরিস্থিতি এখন শান্ত।

এ ব্যাপারে তিনি নিজে ঘটনার বর্ণনাসহ একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ওসি।

বিডিআর কাঁকডাঙ্গা বিওপি'র নায়েক সুবেদার সিদ্দিক সাংবাদিকদের বলেন, চোরাকারবারিরা ভারত থেকে শাড়ি নিয়ে আসছে এমন খবরের ভিত্তিতে টহলরত বিডিআর সদস্যরা কুঠিবাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়।

আহত হাফিজ অভিযোগ করেন, শহীদ, আমির ও আজিজ নামে তিন বিডিআর সদস্য রোববার বিকাল ৫টার দিকে জোর করে তাদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিডিআর সদস্যরা তাদের এলোপাতাড়ি মারধর করেন।

হাফিজ উদ্দিন আরো জানান, এরপর তারা পাশের একটি বাড়িতে ঢুকে ইনসান ও তার স্ত্রী ফাতেমাকে মারধর করে তাদের ঘরের আলমারি থেকে ব্যবহার্য কাপড় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির সদস্যদের চিৎকারে গ্রামবাসীরা জড়ো হতে থাকলে তারা ক্যাম্পের দিকে চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২৩৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank