সর্বশেষ :
partners logo
12:50 am BdST, Wednesday, Feb 10, 2010
খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাচ্ছে কানাডা
Mon, Nov 30th, 2009 1:54 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডা সরকার বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর পাসপোর্ট জব্দ করেছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামীকে বাংলাদেশে ফেরত পাঠাবে কানাডা।

সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "অবৈধভাবে কানাডায় অবস্থান করায় নূর চৌধুরীর পাসপোর্ট জব্দ করে বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়েছে সে দেশের সরকার।"

প্রায় ১০ দিন কানাডা সফরশেষে ফিরে সাংবাদিকদের তিনি আরো বলেন, "নূর চৌধুরী সে দেশের 'নাগরিকত্ব অথবা শরণার্থী হিসেবে বসবাস করার' জন্য আবেদন করেছিলো। কিন্তু কানাডা সরকার তা নাকচ করে দিয়েছে।"

আইনমন্ত্রী বলেন, বর্তমানে নূর চৌধুরীকে প্রতি সপ্তাহে সে দেশের পুলিশের কাছে রিপোর্ট করতে হচ্ছে। নূর চৌধুরী সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করার চেষ্টা করছেন। আবেদন নাকচ হলে তাকে ফিরিয়ে আনতে কোনো বাধা থাকবে না।

বঙ্গবন্ধুর আরেক খুনি মেজর ডালিম কোথায় আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমি জেনেছি কিছুদিন আগে ডালিম কানাডায় এসেছিলো। কিন্তু কিছুদিন আগে সে অন্য কোথাও চলে গেছে।"

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় পলাতক অন্য খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে।

পলাতক অবস্থায় আরেক আসামি আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা যান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত লে.কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে.কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর এ কেএম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৩৫০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank