সর্বশেষ :
partners logo
1:00 am BdST, Wednesday, Feb 10, 2010
এক সপ্তাহেই বকেয়া বেতন শোধ
Mon, Nov 30th, 2009 6:35 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ দিনের মধ্যে নতুন বেতন কাঠামোর আওতায় বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি (নভেম্বর) মাসের বেতন পাবেন পুরানো কাঠামো অনুযায়ী।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "আগামী ৭ দিনের মধ্যে নতুন পে-স্কেলের আওতায় বকেয়া পরিশোধ করবে সরকার। তবে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা নভেম্বর মাসের বেতন পাবেন পুরানো স্কেলেই।"

অর্থমন্ত্রী জানান, নতুন পে-স্কেলের আইনগত দিক খতিয়ে দেখার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সব প্রস্তুতি শেষ করেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ফলে বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তিনি।

গত ১১ নভেম্বর অর্থমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। দু'ধাপে এ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কার্যকর হবে চলতি বছরের পহেলা জুলাই থেকে। আর আগামী জুলাই থেকে কার্যকর হবে ভাতা।

নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা এবং সর্বনিু চার হাজার ১০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে (২০০৮ এর সেপ্টেম্বর ) সাবেক সচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে সপ্তম পে-কমিশন গঠন করা হয়। কমিশন গত এপ্রিল মাসের শেষ দিকে অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন ৪ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়।

এরপর সচিব কমিটি ওই প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ বেতন ৩৯ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার ১৫০ টাকা করার সুপারিশ করে।

নতুন বেতনের কাঠামো

নতুন পে-স্কেলে এক নম্বর গ্রেডে বেতন হবে ৪০ হাজার টাকা। দুই নম্বর গ্রেড প্রারম্ভিকভাবে পাবে ৩৩ হাজার ৫০০ এবং সর্বোচ্চ ৩৯ হাজার ৫০০ টাকা। তিন নম্বর গ্রেডে প্রারম্ভিক ২৯ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার ৬০০ টাকা। চার নম্বর গ্রেডে প্রারম্ভিক ২৫ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ ৩৩ হাজার ৭৫০ টাকা।

পাঁচ নম্বর গ্রেডে প্রারম্ভিক ২২ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৩১ হাজার ২৫০ টাকা। ছয় নম্বর গ্রেডে প্রারম্ভিক ১৮ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২৯ হাজার ৭০০ টাকা। সাত নম্বর গ্রেডে প্রারম্ভিক ১৫ হাজার এবং সর্বোচ্চ ২৬ হাজার ২০০ টাকা। আট নম্বর গ্রেডে প্রারম্ভিক ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৬০০ টাকা। নয় নম্বর গ্রেডে প্রারম্ভিক ১১ হাজার টাকা এবং সর্বোচ্চ ২০ হাজার ৩৭০ টাকা। ১০ নম্বর গ্রেডে প্রারম্ভিক আট হাজার টাকা এবং সর্বোচ্চ ১৬ হাজার ৫৪০ টাকা।

১১ নম্বর গ্রেডে প্রারম্ভিক ছয় হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ ১৪ হাজার ২৫৫। ১২ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ১২৫ টাকা। ১৩ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১২ হাজার ৯৫ টাকা। ১৪ নম্বর গ্রেডে প্রারম্ভিক পাঁচ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ১১ হাজার ২৩৫ টাকা। ১৫ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার ৪৫০ টাকা। ১৬ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৭০০ টাকা এবং সর্বোচ্চ নয় হাজার ৪০০ টাকা।

১৭ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ নয় হাজার ৯৫ টাকা। ১৮ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ৫৮০ টাকা। ১৯ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ আট হাজার ১৪০ টাকা। ২০ নম্বর গ্রেডে প্রারম্ভিক চার হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ সাত হাজার ৭৪০ টাকা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৮৩৬ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank